Blog

খালেদা জিয়ার প্রয়াণে খুলনা-৩ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা সাময়িক স্থগিত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সমগ্র জাতি আজ গভীর শোকাহত। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশনেত্রীর এ শোকাবহ প্রয়াণে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল নির্বাচনী সকল ধরনের প্রচার-প্রচারণা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন।

আজ এক শোকবার্তায় আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও ভোটাধিকার রক্ষার এক অবিচল সংগ্রামী প্রতীক। তাঁর মৃত্যুতে জাতি এক সাহসী ও আপসহীন নেত্রীকে হারাল।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা-৩ আসনের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীরা দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন প্রভাবশালী ও দৃঢ়চেতা নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Related Posts