
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন তিনি। গত কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এই নেত্রীর এমন সংকটময় মুহূর্তে সারাদেশে উদ্বেগের ছায়া নেমে এসেছে।
এই পরিস্থিতিতে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল নির্বাচনী প্রচারণার সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার ঘোষণা দিয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে জরুরি এক বৈঠকে বকুল জানান, আমাদের দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এই অবস্থায় প্রচারণার শোরগোল বা কর্মসূচি চালিয়ে যাওয়া কোনোভাবেই নৈতিক বা রাজনৈতিকভাবে শোভন নয়। আমরা তার সুস্থতা কামনার মধ্যেই সমস্ত মনোযোগ রাখতে চাই।
তিনি আরও বলেন, খুলনা-৩ আসনের সকল নেতাকর্মীকে অনুরোধ করা হচ্ছে, প্রচারণা কার্যক্রম স্থগিত রেখে দেশনেত্রীর রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার আয়োজন করতে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত পাওয়া গেলে পুনরায় প্রচারণা কার্যক্রম শুরু হবে।
এদিকে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট সার্বক্ষণিকভাবে সংগ্রহ করা হচ্ছে। সারাদেশের বিভিন্ন মসজিদ-মন্দির-উপাসনালয়ে তার দ্রুত আরোগ্যের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।
খুলনা-৩ আসনের নির্বাচনী মাঠেও খালেদা জিয়ার অসুস্থতার প্রভাব স্পষ্ট। সাধারণ ভোটাররাও তার সুস্থতা কামনা করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন। এলাকায় নির্বাচনী উত্তাপ খানিকটা থেমে গেলেও নেত্রীর প্রতি সহমর্মিতা এবং প্রার্থীর এই সিদ্ধান্তের প্রতি সম্মান প্রকাশ করছেন অনেকে।